আজ ভূরুঙ্গামারী হানাদারমুক্ত দিবস, প্রথম উত্তোলন হয় মানচিত্রখচিত পতাকা
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
আজ ১৪ নভেম্বর, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে তুমুল যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ভূরুঙ্গামারী। দেশের স্বাধীনতা অর্জনের প্রায় এক মাস আগেই হানাদারমুক্ত হয়েছিল এ অঞ্চল। স্থানীয় ইতিহাস অনুযায়ী, এখানেই প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের মানচিত্রখচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
১৯৭১ সালের ১৩ নভেম্বর রাতভর মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর যৌথ আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি বাহিনী। ত্রিমুখী আক্রমণের মুখে ভোর হওয়ার আগেই তারা ভূরুঙ্গামারী ছেড়ে পালিয়ে যায়। পরে পাশের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকায় গিয়ে অবস্থান নেয়।
মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরের অধীন সাহেবগঞ্জ সাব-সেক্টরের পরিকল্পনা অনুযায়ী, ভূরুঙ্গামারীর দক্ষিণ দিক খোলা রেখে পশ্চিম, উত্তর ও পূর্ব দিক থেকে একযোগে আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী মুক্তিযোদ্ধা ও ভারতীয় বাহিনীর যৌথ নেতৃত্বে শুরু হয় প্রবল আক্রমণ।
১৩ নভেম্বর মিত্রবাহিনীর কামান, মর্টারসহ ভারী অস্ত্র থেকে পাকিস্তানি বাহিনীর অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। একই সঙ্গে ভারতীয় যুদ্ধবিমান আকাশে চক্কর দিতে থাকে। এর আগের দিন থেকেই মিত্রবাহিনীর বিমান হামলা শুরু হয়েছিল।
রাতভর যুদ্ধের পর ভোর হওয়ার আগেই পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণ বন্ধ হয়ে যায়। ১৪ নভেম্বর সকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধারা ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয় ও তৎকালীন সিও অফিসের (বর্তমান উপজেলা পরিষদ) সামনে পৌঁছান। সেখানে উত্তোলন করা হয় বাংলাদেশের মানচিত্রখচিত জাতীয় পতাকা।
স্থানীয়ভাবে প্রচলিত মুক্তিযুদ্ধের ইতিহাস অনুযায়ী, এ যুদ্ধে পাকিস্তানি বাহিনীর ক্যাপ্টেন আতাউল্লাহ খানসহ ৪০ থেকে ৫০ জন সেনা নিহত এবং ৩০ থেকে ৪০ জন আটক হন।
ভূরুঙ্গামারী মুক্ত হওয়ার পর মুক্তিযোদ্ধারা সিওর বাসভবনের (বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন) দোতলায় তালাবদ্ধ অবস্থায় কয়েকজন নির্যাতিত নারীকে উদ্ধার করেন। তাদের মধ্যে অনেকে পাঁচ থেকে ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ছাড়া ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয়ের একটি তালাবদ্ধ কক্ষ থেকে ১৬ জন নির্যাতিত নারীকে উদ্ধার করা হয়।
প্রতি বছর ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী হানাদারমুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সহযোগিতায় ভূরুঙ্গামারী প্রেস ক্লাব দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করে।
দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি, পদক বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের স্মারক হয়ে থাকা ভূরুঙ্গামারীর এই দিনটি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার ইতিহাস জানার অনুপ্রেরণা জোগায়।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন